সুবর্ণচরে ছাত্রদল সাধারণ সম্পাদকের হেল্পডেস্ক: শিক্ষার্থী-অভিবাবকদের স্বস্তি
এসএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থীরা যখন পরীক্ষার হলে থাকে তখন তাদের জন্য অধীর অপেক্ষায় বসে থাকেন অভিভাবকেরা। তবে হলে তাদের বসার জন্য নির্দিষ্ট কোন জায়গা বা স্থান নেই। তাদের কথা মাথায় রেখে অভিভাবক ছাউনির ব্যবস্থা করল ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বৃহস্পতিবার (১০ এপ্রিল) নোয়াখালীর সুবর্ণচরের এসএসসি ও সমমানের হলগুলোতে এমন উদ্যোগ নেওয়া হয়।
অভিভাবকেরা রীতিমতো ছাত্রদলের এমন প্রশংসনীয় উদ্যোগ দেখে স্বস্তি প্রকাশ করেছেন। আকলিমা আক্তার নামের এক অভিভাবক বলেন, “আমার এর আগেও বাচ্চাদের নিয়ে স্কুলে আসা হয়েছে পাবলিক পরীক্ষায়। কিন্তু এমন উদ্যোগ কখনো পায়নি। কখনো রোদে পুড়েছি এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে অপেক্ষা করেছি বাচ্চার জন্য। এবারের উদ্যোগটা খুবই সুন্দর। সাথে দেওয়া হয়েছে পানির বোতলও।”
গোলাম কিবরিয়া সোহেল নামে একজন অভিভাবক ফেসবুকে লেখেন, “এসএসসি -২০২৫ উপলক্ষে পরীক্ষাকেন্দ্রে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল ইনোভেটিভ কার্যক্রমকে একজন অভিভাবক হিসেবে আমি স্বাগত জানাই। আশা করি ভবিষ্যতে আরো নতুন নতুন ইনোভেশন নিয়ে ছাত্রদল ছাত্রছাত্রীদের কল্যাণে কাজ করবে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় নাসির উদ্দিন নাসির আংকেল ও সুবর্ণচর উপজেলা ছাত্রদলকে।”
শুধুমাত্র অভিভাবক ছাউনি নয় এছাড়াও নেওয়া হয়েছে হেল্পডেস্ক ও বাইক সার্ভিসের উদ্যোগ।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে হেল্পডেস্ক ও বাইক সার্ভিস চালু করা হয়েছে। পরীক্ষার দিনে অনেক শিক্ষার্থী তাড়াহুড়োয় প্রবেশপত্র আনতে ভুলে যান কিংবা সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেন না। এমন পরিস্থিতিতে দ্রুত সহযোগিতার লক্ষ্যে ছাত্রদল বাইক সার্ভিস চালু করেছে, যাতে বিপদে পড়া শিক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারে।
এছাড়াও পরীক্ষার্থীদের উৎসাহ দিতে ছাত্রদল তাদের মাঝে উপহার হিসেবে স্কেল ও ফাইলও বিতরণ করছে। আজ থেকে শুরু হওয়া এ উদ্যোগ পরীক্ষার শেষদিন পর্যন্ত চলবে বলে জানায় ছাত্রদল।
শিক্ষার্থীরা এমন উদ্যোগের জন্য ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সুবর্ণচরের এসএসসি ও সমমানের শিক্ষার্থীদের জন্য যে উদ্যোগ এগুলো আমাদের খুব কাজে আসছে। শিক্ষা উপকরণগুলোও। এছাড়া আমাদের অভিভাবকদের জন্য ছাউনি করা হয়েছে। এছাড়াও বাইক সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে জরুরি প্রয়োজনে।
এবিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “এসএসসি শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। আমরা চাই তাদের পাশে থাকতে, শিক্ষা জীবনের এই মাইলফলকে সহযাত্রী হতে। তাদের জন্য রইলো আন্তরিক শুভকামনা।”