মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নিখোঁজ যুবকেরা ঘরে ফিরছে: স্বরাষ্ট্রমন্ত্রী

SONALISOMOY.COM
ডিসেম্বর ১৮, ২০১৬
news-image

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনশৃঙ্খলা প্রয়োগকারী বাহিনীগুলো তৎপর থাকায় নিখোঁজ যুবকেরা বাড়ি ফিরতে শুরু করেছে। মন্ত্রী আজ রোববার সকালে রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধনের সময় এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে যুবকেরা আত্মগোপন করেছিল বা নিখোঁজ হয়েছিল, তারা ঘরে ফিরছে। তিনি বলেন, সম্প্রতি কিছু পত্রিকায় প্রকাশিত নিখোঁজ যুবকদের খোঁজ করে তাদের সন্ধান পায় সংশ্লিষ্ট বাহিনী। জঙ্গিবাদে জড়িত থাকার সন্দেহে তাদের উদ্ধারে তৎপরতা চালানো হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত রাতে পলাশী এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতার ওপর গুলিবর্ষণকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

অনেক অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত আলোর মুখ দেখে না—এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা আদৌ সত্য নয়। তদন্ত কমিটির রিপোর্টের পর সব ঘটনার ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ব্যবস্থা গ্রহণের রিপোর্টগুলো মিডিয়ায় আসে না।