মঙ্গলবার, ২ জুন, ২০২৬

সাংসদ হত্যায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

SONALISOMOY.COM
জানুয়ারি ৮, ২০১৭
news-image

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা-১ আসনের সাংসদ মনজুরুল ইসলাম হত্যার ঘটনায় সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবিব ওরফে মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান আজ রোববার এই তথ্য জানান।

স্থানীয় একাধিক সূত্রের ভাষ্য, মাসুদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কমিটিতে মাসুদের কোনো পদ নেই।

ওসি আতিয়ার রহমান বলেন, সুন্দরগঞ্জ বাজার এলাকার বাড়ি থেকে গতকাল শনিবার দিবাগত রাতে মাসুদকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, সাংসদ মনজুরুল হত্যা মামলায় মাসুদকে গ্রেপ্তার দেখিয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পরিবারের অভিযোগ, গত শুক্রবার রাতে জিজ্ঞাসাবাদের কথা বলে মাসুদকে তুলে নিয়ে যায় পুলিশ।

পরিবারের এই অভিযোগ পুলিশ অস্বীকার করেছে।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে সাংসদ মনজুরুল নিহত হন। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।